নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবা পাচারকালে মামা-ভাগ্নেকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়।
সোমবার (৪ মে) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে পূর্বধলা থানাধীন শ্যামগঞ্জ-দূর্গাপুর সড়কের প্রদীপ পণ্ডিতের বাড়ির পশ্চিম পাশে পাকা সড়কে এ অভিযান পরিচালিত হয়।
নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি রেইডিং টিম ঘটনাস্থলে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। এ সময় ৪ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়।
আটকরা হলেন- মো. হাবিবুর রহমান (৫৩) ও তার ভাগ্নে মো. রমজান আলী (৩২)। তারা উভয়েই নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের বাসিন্দা।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বধলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তা।


