নেত্রকোনার পূর্বধলায় পুলিশের বিশেষ অভিযানে ৩৮ বোতল ভারতীয় মদসহ এনামুল হোসাইন (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (৯ মে) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে পূর্বধলা থানার শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) সেন্টু মিয়ার নেতৃত্বে জারিয়া মোড় এলাকায় মহাসড়কে বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়।
এ সময় কলমাকান্দা থেকে ছেড়ে আসা ‘সুখ সালমান’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিকালে এনামুল হোসাইনের সঙ্গে থাকা একটি সাদা চালের বস্তা থেকে ৩৮ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৭ হাজার টাকা। আটক এনামুল হোসাইন নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার সাতাশি গ্রামের মো. সামছুল হকের ছেলে।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



