পটুয়াখালীর দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপি এবং গলাচিপা পৌর বিএনপির কমিটি বিলুপ্তির খবরে স্থানীয় বিএনপির একাংশ নেতাকর্মীদের মধ্যে উল্লাস লক্ষ্য করা গেছে।
শনিবার (১৭ জানুয়ারি) রাত ৯টার দিকে গলাচিপা শহরের বিভিন্ন স্থানে মিষ্টির দোকানের সামনে তারা মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেন।
উল্লাসরত নেতাকর্মীরা জানান, কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত তাদের আরও সাহসী ও সংগঠিতভাবে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে তারা প্রকাশ্যে কাজ করতে পারেননি।
কমিটি বিলুপ্ত হওয়ায় এখন তারা বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে সরাসরি মাঠে কাজ করতে পারবেন বলেই আনন্দ প্রকাশ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী না দিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তবে স্থানীয় বিএনপির একটি অংশ এ সিদ্ধান্ত মেনে নেয়নি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সদ্য বহিষ্কৃত) স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে নির্বাচনি কার্যক্রম চালিয়ে আসছিল।
এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় বিএনপি গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপি এবং গলাচিপা পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ও স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন