× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৩:০২ পিএম

সমন্বিত সবজি চাষে সফল কলেজশিক্ষার্থী

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৩:০২ পিএম

শিক্ষার্থী মাঈনুল ইসলাম। ছবি : রূপালী বাংলাদেশ

শিক্ষার্থী মাঈনুল ইসলাম। ছবি : রূপালী বাংলাদেশ

পড়াশোনার পাশাপাশি সমন্বিত সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন পটুয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র মো. মাঈনুল ইসলাম। তিনি দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আ. সালাম মৃধার ছেলে।

মাঈনুলের বাবা আ. সালাম মৃধার অনাবাদি জমি কাজে লাগিয়ে তিনি বিভিন্ন জাতের শাকসবজি ও সমন্বিত মাছের খামার গড়ে তুলেছেন। চার বছর আগে মাত্র ৩৩ শতাংশ জমিতে পুকুর ও মাদা তৈরি করে তিনি শাকসবজি ও মাছ চাষ শুরু করেন।

সরেজমিন দেখা গেছে, মাঈনুলের খামারে আগাম জাতের টমেটো, বেগুন, বিটরুট, পেঁপে, ঘৃত কুমারি, বোম্বাই মরিচ, পুঁইশাক, মটরশুটি, ধনিয়া, বাঁধাকপি এবং বিভিন্ন ধরনের ফুল শোভা পাচ্ছে। পুকুরে তিনি রুই, কাতল, তেলাপিয়া, সিলভার কার্প, গ্রাসকার্প, ফলি, পুঁটি ও ব্ল্যাককার্প মাছ চাষ করছেন।

চলতি রবি মৌসুমে তিনি উচ্চ ফলনশীল এমটি-১২০২০ এবং সুপার জাতের টমেটো মাচাং পদ্ধতিতে চাষ করেছেন। প্রতিটি গাছে ১০-১৫ কেজি ফলন ধরেছে। খামারের চারপাশে সারি সারি দেশি জাতের তাল বেগুন ও সাদা বেগুন রয়েছে, প্রতিটি বেগুনের ওজন গড়ে ৫০০-৮০০ গ্রাম।

প্রতিটি পেঁপের গড়ে ওজন তিন-চার কেজি। ইতোমধ্যে ইস্পাহানী কিং, রেড লেডি, শাহী ও বাবু জাতের পেঁপে থেকে লক্ষাধিক টাকা আয় করেছেন। অন্যান্য সবজি চাষ থেকেও এক লাখ টাকার বেশি মুনাফা করেছেন।

মাঈনুল ইসলাম বলেন, পড়াশোনার পাশাপাশি সমন্বিত সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছি। বাবার কৃষিকাজে সাহায্য করতে গিয়ে আস্তে আস্তে কৃষিতে ঝুঁকে পড়ি। বাবার অনুপ্রেরণা এবং কৃষি অধিদপ্তরের পরামর্শ ও সহযোগিতায় আজ আমি একজন সফল খামারি। শাকসবজির ভালো দাম পাওয়া এবং কম সময়ে লাভজনক হওয়ায় বর্তমানে আরও ১৫ শতাংশ জমি সবজি চাষের জন্য প্রস্তুত করছি।

মাঈনুলের বাবা আ. সালাম মৃধা জানান, একসময় সংসারের ব্যয়ভার বহন ও সন্তানদের পড়াশোনার খরচ মেটাতে খুব কষ্ট হতো। কিন্তু মাঈনুলের নিরলস প্রচেষ্টায় সমন্বিত সবজি, মাছ এবং কম্পোস্ট সার উৎপাদন করে বাজারজাত করার ফলে এখন আর কোন অভাব নেই।

পার্শ্ববর্তী এলাকার কৃষকরা মাঈনুলের কাছ থেকে চারা কিনে নিজের খেতে রোপণ করেছেন এবং লাভবান হয়েছেন।

দুমকী উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, মাঈনুলের খামারে বিষমুক্ত শাকসবজি উৎপাদন করে ভালো আয় করছে। তাকে বিভিন্ন সময় প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হয়েছে। পড়াশোনার পাশাপাশি সমন্বিত সবজি চাষে তিনি স্বাবলম্বী হয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!