টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেট কার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের জোকারচর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেট কার জোকারচর এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক মোহাম্মদ আমির আলী (৪০) ও যাত্রী শরীফ উদ্দিন (৪১) সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক শরীফ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আমির আলীকে ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান।
নিহত মোহাম্মদ আমির আলী কালিহাতী উপজেলার গোহালিয়া বাড়ি এলাকার বাসিন্দা আমজাদ আলীর ছেলে। শরীফ উদ্দিন একই এলাকার মান্নানের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যমুনা থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন