খুলনার রূপসা উপজেলায় একটি মাদ্রাসার শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে ওই মাদ্রাসার সুপারের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রূপসা উপজেলার বাগমারা বাজারের ব্যাংকের মোড় এলাকায় অবস্থিত তাহফিজুল কোরআন মাদ্রাসার সুপার মো. হাসিব (পরিচিত হাসিব মাস্টার) দীর্ঘদিন ধরে মাদ্রাসার একাধিক শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করে আসছিলেন—এমন অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে গত পরশু স্থানীয় অভিভাবকেরা মাদ্রাসায় গিয়ে ঘটনার প্রতিবাদ জানান।
এ সময় ঘটনাস্থলে স্থানীয় লোকজন, পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) এবং সাংবাদিকেরা উপস্থিত হন। অভিযোগ রয়েছে, স্থানীয় একটি মহল সংবাদ প্রকাশে বাধা দেওয়ার চেষ্টা করে এবং সাংবাদিকদের হুমকি দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
পরে মাদ্রাসার এক শিক্ষার্থীর বাবা বনি আমিনের পিতা বাদী হয়ে শিক্ষার্থীদের পক্ষে রূপসা থানায় একটি মামলা করেন। মামলাটি ১৭ ফেব্রুয়ারি দায়ের করা হয়। পুলিশ জানায়, মামলার পর অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয়ভাবে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মাদ্রাসাটির সঙ্গে অবৈধভাবে যুক্ত থেকে সুবিধা নেওয়া কয়েকজন ব্যক্তি সাংবাদিকদের হুমকি দিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশন। সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মহব্বত আলী, সিনিয়র সহসভাপতি রাজু আহমেদ খান শহীদ, সহসভাপতি আব্দুর রাজ্জাক শেখ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. বেনজীর হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতারা এক যৌথ বিবৃতিতে দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন