শেরপুরের নকলা উপজেলায় বাড়ির সীমানা সংলগ্ন রাস্তা নিয়ে বিরোধের জেরে খোরশেদ আলম (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার গনপদ্দী ইউনিয়নের চিথলিয়া পূর্বপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র ও নিহতের ছোট ভাই বকুল মিয়ারের ভাষ্যমতে, পারিবারিক বাড়ির সীমানার রাস্তা ব্যবহারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে খোরশেদ আলমের সঙ্গে তার চাচাতো বোনের স্বামী জুলহাস মিয়ার বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে ওই রাস্তা দিয়ে চলাচল নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে জুলহাস মিয়ার পরিবারের সদস্যরা খোরশেদ আলমকে একা পেয়ে গলা চেপে ধরেন এবং পেছন দিক থেকে শক্ত করে চাপ দিলে তিনি শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বলে অভিযোগ করা হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ জুলহাস মিয়ার স্ত্রী জুলেখা বেগম, হাফিজুলের স্ত্রী জোসনা এবং জাকিরের স্ত্রী শারমিন আক্তারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
অন্যদিকে অভিযুক্ত পরিবারের দাবি, তারা খোরশেদ আলমকে স্পর্শও করেননি। জমিসংক্রান্ত বিরোধের সময় উত্তেজনার একপর্যায়ে তিনি নিজেই পড়ে যান। তারা দাবি করেন, খোরশেদ আগে থেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন এবং উত্তেজনার কারণে স্ট্রোক করে তার মৃত্যু হতে পারে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করা হয়।
নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাসেম জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন