পটুয়াখালীর দুমকি উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের পঞ্চম তলা থেকে পড়ে দুই নির্মাণশ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা শঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
শুক্রবার (১৩ মার্চ) দুমকি উপজেলার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন মুসলিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণাধীন ‘প্রফেসর্স টাওয়ার’ নামের একটি ভবনের পঞ্চম তলায় কাজ করার সময় খাদেম হোসেন (২০) ও মুমিন (৩৫) নামের দুই শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন। অভিযোগ রয়েছে, ভবনে নিরাপত্তা ব্যবস্থা হিসেবে সিলিং বা সুরক্ষা নেটিং না থাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, দুর্ঘটনার পর ভবনের মালিক বা ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো দায়িত্বশীল ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন