কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় গলায় ফাঁস দিয়ে টপি রানী পাল (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১২ এপ্রিল) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার নগরকুল এলাকায় নিজ বসতঘরের একটি কক্ষে দরজা ভেতর থেকে বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। নিহত টপি রানী পাল একই এলাকার তাপস চন্দ্র পালের স্ত্রী এবং হিমাংশু পালের কন্যা।
ঘটনার সময় তার স্বামী বাড়িতে ছিলেন না। তিনি চাকরির সুবাদে শরীয়তপুরে অবস্থান করছিলেন। খবর পেয়ে পরবর্তীতে তিনি ও নিহতের বাবা-মা ঘটনাস্থলে পৌঁছান।
সংবাদ পেয়ে তাড়াইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। ঘটনার সত্যতা স্বীকার করে থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম জানান- এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও জানান, ঘটনার পর এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন