নওগাঁর ধামইরহাট উপজেলায় অতিরিক্ত ভার বহনকারী ১০ চাকার বালুবাহী ওভারলোড (ডাম্পার ট্রাক)-এর বেপরোয়া চলাচলে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। সড়ক ধ্বংস, ধুলাবালিতে পরিবেশ দূষণ এবং দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাওয়ায় এসব ট্রাক চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় ফার্শিপাড়া-রাঙামাটি গ্রামীণ সড়কের শালুক কুড়ি (দয়ালের মোড়) এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এতে নারী-পুরুষ, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন সোহেল রানা, মাওলানা শাহিনুর রহমান, ফরিদুল ইসলাম, খালেকুজ্জামান, জালাল হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভারী বালুবাহী ট্রাক চলাচলের কারণে এলাকার গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
তারা আরও বলেন, ট্রাক থেকে উড়তে থাকা ধুলাবালিতে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। পথচারী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। অন্যদিকে বেপরোয়া গতিতে চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। শিশু ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন অভিভাবকরা।
মানববন্ধন থেকে দ্রুত ১০ চাকার বালুবাহী ট্রাক চলাচল বন্ধ, বিকল্প সড়ক ব্যবহারের ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের দাবি জানানো হয়। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন এলাকাবাসী।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রকৌশলী আব্দুল হাকিম জানান, ৮ কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তায় বিধিমতো সোয়া ৮ টন পর্যন্ত লোড বহন করা যাবে। এর বেশি লোড বহন করলে রাস্তাটির ওপর ক্ষতিকর প্রভাব পড়বে। এ কারণে প্রশাসনের পক্ষ থেকে বহুবার সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। এলাকাবাসীর অভিযোগ ও দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন