চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্র, নার্স সিন্ডিকেট এবং ডেলিভারি রোগীদের প্রাইভেট ক্লিনিকে পাঠানোর অভিযোগে সংবাদ প্রকাশের পর হঠাৎ হাসপাতাল পরিদর্শনে আসেন সংসদ সদস্য এনামুল হক এনাম।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে তিনি সরেজমিনে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন অসংগতি ও অব্যবস্থাপনা তার নজরে আসে। এ সময় তিনি রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। কয়েকজন রোগী ও স্বজন চিকিৎসাসেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এমপি এনামুল হক এনাম বলেন, ‘পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। নার্স সিন্ডিকেট, দালালচক্র এবং দীর্ঘদিন ধরে চলে আসা নানা অনিয়মের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘সরকারি হাসপাতাল সাধারণ মানুষের শেষ ভরসার জায়গা। সেখানে রোগীদের হয়রানি কিংবা প্রাইভেট ক্লিনিকে যেতে বাধ্য করার মতো অভিযোগ অত্যন্ত গুরুতর। অভিযোগগুলো তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে, সংবাদ প্রকাশের পর হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে দুটি তদন্ত টিম গঠন করা হয়েছে বলে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে। একটি টিম ডেলিভারি রোগীদের প্রাইভেট ক্লিনিকে রেফার এবং কথিত নার্স সিন্ডিকেটের অভিযোগ খতিয়ে দেখবে। অন্য টিম হাসপাতালের সামগ্রিক অব্যবস্থাপনা, দালালচক্রের তৎপরতা এবং সেবার মান পর্যবেক্ষণ করবে বলে জানা গেছে।
হাসপাতাল সূত্র জানায়, তদন্ত টিম ইতোমধ্যে বিভিন্ন নথিপত্র সংগ্রহ শুরু করেছে এবং সংশ্লিষ্টদের বক্তব্য নিচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি একটি জাতীয় দৈনিক ‘সময়ের আলো’সহ আরও কয়েকটি গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদনে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েকজন নার্স ও মিডওয়াইফের বিরুদ্ধে ডেলিভারি রোগীদের প্রাইভেট ক্লিনিকে পাঠানো, অর্থ আদায় এবং কমিশন বাণিজ্যের অভিযোগ উঠে আসে। প্রতিবেদন প্রকাশের পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
এ সময় হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন