ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৬ ও ১০ মাস বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জন হয়েছে। তবে কয়েকদিন ধরে আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
মঙ্গলবার (২৬ মে) সকালে হাসপাতাল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ঝন্টু সরকার।
মারা যাওয়া ৬ মাস বয়সী শিশু ১৯ মে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। গতকাল সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া গ্রামে। ১০ মাস বয়সী শিশুটি ২০ মে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। আজ মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। তার বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামে।
এই হাসপাতালে গত ১৭ মার্চ থেকে গত সোমবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৬০৯ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৫০৮ শিশু। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১৬ শিশু। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৯ শিশু। হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে ৬২ শিশু।
হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক মোহা. গোলাম মাওলা বলেন, হামের টিকা নেওয়া শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় সংক্রমণ কমে আসছে। যার ফলে আক্রান্তের পাশাপাশি হাসপাতালে ভর্তি কমছে। তবে শিশুদের সুরক্ষায় পরিবারের সদস্যদের আরও দায়িত্বশীল হতে হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন