নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেপ্তাররা হলেন উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের জুম্মারপাড় এলাকার ইসমাইল হোসেনের ছেলে মো. এরশাদ আলী (৪৫) এবং তার ছেলে মো. সজিব (২২)।
র্যাব জানায়, গাড়াগ্রাম ইউনিয়নের কালিরধান এলাকার প্রয়াত জমসের আলীর স্ত্রী দেলোয়ারা বেগম ওরফে দুলালী (৬৫) স্বামী মারা যাওয়ার পর থেকে বাড়িতে একাই বসবাস করতেন। তার দুই ছেলেমেয়ে কেউ বাড়িতে থাকেন না। গত ৯ জানুয়ারি দুপুরে নিজ বাড়ির উঠানে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় ভিকটিমের ভাই হাফিজুল ইসলাম বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্তের ধারাবাহিকতায় বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় নীলফামারী র্যাব-১৩, সিপিসি-২ এবং র্যাব-৪-এর যৌথ অভিযানে ঢাকা জেলার সাভারের জয়নাবাড়ী এলাকা থেকে মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কিশোরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


