ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নীলফামারীতে জামায়াতের বিশাল মহিলা মিছিল

নীলফামারী সংবাদদাতা
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৬:০৪ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নীলফামারীতে জামায়াতের নির্বাচনি বিশাল মহিলা মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ মহিলা মিছিলের অগ্রভাগে ছিলেন নীলফামারী-২ আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ। রোববার (০৮ জানুয়ারি) সকাল ১১টায় নীলফামারী বড় বাজার থেকে নির্বাচনি মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড় মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন জেলা মহিলা জামায়াতের সভানেত্রী সেলিনা বেগম, সহকারী সেক্রেটারি নাহিদ আক্তার, রাকসুর মহিলাবিষয়ক সম্পাদক সৈয়দা হাফসাসহ আরও অনেকে। বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফের বিজয়ে নারী ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা।

এর আগে, সকাল ৯টা থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতে ইসলামীর মহিলা কর্মী ও সমর্থকরা রিকশা-ভ্যান, অটো ও পায়ে হেঁটে জড়ো হতে থাকে নীলফামারী বড় বাজারে। এক ঘণ্টার মধ্যে বড় বাজার, ফায়ার সার্ভিস মোড়, কিচেন মার্কেটসহ আশপাশের পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এরপর মিছিল শুরু হলে প্রায় ৩ কিলোমিটার সড়কে নারীদের উপস্থিতি লক্ষ করা যায়।