ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নিজের বিরুদ্ধে হওয়া মানববন্ধনে অংশ নিলেন ওসি

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৯:৪৮ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

নীলফামারীর ডিমলা থানা পুলিশের ওসি শওকত আলীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তার বদলির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। এ সময় হঠাৎ করেই ঘটনাস্থলে এসে মানববন্ধনের সামনের সারিতে দাঁড়িয়ে অংশ নেন তিনি।

রোববার (৮ মার্চ) দুপুরে ডিমলা উপজেলা পরিষদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ মার্চ ডিমলা থানা পুলিশের উদ্যোগে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।

ওই ইফতার মাহফিলে নুরুল ইসলাম নামে এক ব্যক্তির উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাকে মানবপাচারকারী চক্রের সদস্য দাবি করে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।

এ ঘটনার প্রতিবাদে রোববার দুপুরে ডিমলা উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের একজন সদস্যকে থানার ইফতার মাহফিলে আমন্ত্রণ জানানো হয়েছে।

এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। তারা অবিলম্বে ওসি শওকত আলীর বদলির দাবি জানান। মানববন্ধন চলাকালে ওসি শওকত আলী ঘটনাস্থলে এসে অংশগ্রহণকারীদের বক্তব্য শোনেন।

এ সময় তিনি বলেন, পুলিশ কখনো কোনো অপরাধীকে দাওয়াত দিতে পারে না। থানার পক্ষ থেকে ওই ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়নি। তিনি হয়তো ইফতারের সময় হঠাৎ সেখানে উপস্থিত হয়েছিলেন। তবে কেউ অপরাধে জড়িত থাকলে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।