× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: মে ২, ২০২৬, ০৩:৫৩ পিএম

উন্নয়নের ছোঁয়ায় বদলেছে নীলফামারী পৌর এলাকা

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: মে ২, ২০২৬, ০৩:৫৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

দীর্ঘদিনের অবহেলা ও নানা সমস্যায় জর্জরিত নীলফামারী পৌরসভা এক বছরের ব্যবধানে দৃশ্যমান পরিবর্তনের মুখ দেখছে। প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর মো. সাইদুল ইসলাম মাত্র ১ বছর ২ মাসেই নানা উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করে পৌর এলাকার চিত্র পাল্টে দিয়েছেন।

পৌরসভার বিভিন্ন এলাকায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। বিশেষ করে শহরের বড় মাঠ এখন নতুন রূপে সেজেছে। মাঠের চারপাশে আধুনিক বসার ব্যবস্থা, সৌন্দর্যবর্ধনের জন্য গাছপালা রোপণ এবং নারী-পুরুষের জন্য পৃথক ব্যায়ামাগার নির্মাণ করা হয়েছে। প্রতিদিন সেখানে শতাধিক মানুষ হাঁটা ও ব্যায়াম করেন। এছাড়া মাঠে মোটরসাইকেল প্রবেশ বন্ধ করায় পরিবেশ ফিরে পেয়েছে স্বাভাবিকতা। আগে যেখানে কোনো টয়লেট ব্যবস্থা ছিল না, সেখানে এখন নির্মাণ করা হয়েছে আধুনিক শৌচাগার।

শহরের জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থায় আনা হয়েছে পরিবর্তন। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এড়াতে নিয়মিত ড্রেন পরিষ্কার করা হচ্ছে। পরিচ্ছন্নতা বজায় রাখতে অলিগলিতে নিয়োগ দেওয়া হয়েছে পরিচ্ছন্নতাকর্মী। পাশাপাশি মশার উপদ্রব কমাতে চালানো হচ্ছে মশকনিধন কার্যক্রম।

শিশুদের বিনোদনের জন্য নির্মাণ করা হয়েছে পৌর শিশু পার্ক, যা স্বাধীনতার ৫৪ বছরেও এ জেলায় গড়ে ওঠেনি। শহীদ মিনার প্রাঙ্গণে নির্মিত হয়েছে টেরাকোটায় সাজানো আকর্ষণীয় উন্মুক্ত মঞ্চ, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এছাড়া স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে আধুনিক কসাইখানাও নির্মাণ করা হয়েছে।

পৌরসভার বড় প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ১৮ কোটি টাকা ব্যয়ে ছয়তলা বিশিষ্ট আধুনিক শপিংমল নির্মাণ। পৌরভবনের পাশে নির্মিতব্য এ শপিংমলে থাকবে লিফট, শিশুদের বিনোদন ব্যবস্থা ও অন্যান্য আধুনিক সুযোগ-সুবিধা। ইতোমধ্যে এ প্রকল্পের টেন্ডার সম্পন্ন হয়েছে।

শহরের আনন্দ বাবুর পুল এলাকার বাসিন্দা সিজানুর রহমান বলেন, ‘মাত্র এক বছরেই অনেক উন্নয়ন হয়েছে। ইচ্ছা থাকলে যে পরিবর্তন সম্ভব, সেটিই এখন দেখা যাচ্ছে।’

আরেক বাসিন্দা আইনুল হক বলেন, ‘আগে পৌরসভার অনেক সমস্যা ছিল। এখন ধীরে ধীরে সেগুলো সমাধান হচ্ছে। শহরটা বসবাসের জন্য আগের চেয়ে অনেক ভালো হয়েছে।’

রাহাত হোসেন বলেন, ‘বড় মাঠের উন্নয়ন সবচেয়ে চোখে পড়ার মতো। পরিবার নিয়ে এখন এখানে সময় কাটানো যায়, যা আগে সম্ভব ছিল না।’

পৌর প্রশাসক মো. সাইদুল ইসলাম বলেন, ‘আমাদের আরও কিছু পরিকল্পনা রয়েছে। সুযোগ পেলে সেগুলো বাস্তবায়ন করব। একটি মানসম্মত স্কুল ও কলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে, যাতে এখানকার শিক্ষার্থীদের বাইরে যেতে না হয়। এছাড়া শহর সম্প্রসারণ এবং চৌরঙ্গী মোড় থেকে গাছবাড়ি পর্যন্ত চার লেন সড়ক নির্মাণের পরিকল্পনাও আছে।’

তিনি আরও বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশনায় নীলফামারীর সামগ্রিক উন্নয়নে কাজ চলছে। ইতোমধ্যে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে।’

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘নীলফামারীর উন্নয়নে সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও ক্রীড়া খাতেও বড় উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে।’

Link copied!