নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আবদুল হান্নান মাসুউদের দুজন সমর্থক জানান, বিএনপির নেতাকর্মীরা ‘ধানের শীষ’ স্লোগান দিয়ে সংঘবদ্ধভাবে তাদের ওপর হামলা চালান। এ সময় একাধিক বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয় এবং ভয়ভীতি দেখানো হয়। হামলায় তাঁদের কয়েকজন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আবদুল হান্নান মাসউদ বলেন, মঙ্গলবার রাতে বুড়িরচর, চর ঈশ্বর ও সোনাদিয়া ইউনিয়নে তাদের নেতাকর্মীদের বাড়িতে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ধানের শীষের স্লোগান দিয়ে হামলা চালান। তিনি অভিযোগ করেন, হামলার সময় বিভিন্ন এলাকায় গোলাগুলির ঘটনাও ঘটে। তার দাবি, তাদের সমর্থকদের দমন করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার পর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তাকে একাধিকবার ফোন করা হলেও তাদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি।
হামলার বিষয়ে জানতে চাইলে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, হাতিয়ার বিভিন্ন এলাকায় নৌবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। বিষয়টি নৌবাহিনী ও পুলিশকে জানানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন