ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চাটখিলে দিনমজুর খোকন হত্যা, সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৬:৫১ এএম
ষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করছেন এলাকাবাসী

নোয়াখালীর চাটখিলে দিনমজুর খোকন হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টায় ঢাকা–চাটখিল মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়। এতে চাটখিল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দৌলতপুর গ্রামের শতাধিক নারী–পুরুষ অংশ নেন।

বক্তারা জানান, দৌলতপুর গ্রামের হোসেন আলী পাটোয়ারী বাড়ির মো. ফারুক হোসেনের ছেলে খোকন (৩২) পেশায় দিনমজুর ছিলেন। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন পেয়ে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাঁর কোনো সন্ধান না পেয়ে শনিবার (৪ এপ্রিল) রাতে চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে রোববার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে চাটখিল পৌরসভার দৌলতপুর গ্রামের মন্ত্রীপোল সংলগ্ন একটি ঝোপ থেকে খোকনের অগ্নিদগ্ধ ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, দ্রুত বিচার না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।