ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ১২:১৪ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকৃত তেলের বাজারমূল্য আনুমানিক ৩ লাখ টাকা।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার চর ঈশ্বরের বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন হাতিয়া উপজেলার চর ঈশ্বরের বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় অবৈধভাবে মজুদ রাখা প্রায় ৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়া এসব তেল মজুদ ও বিক্রি করা হচ্ছিল বলে জানা গেছে।

পরে হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাইল কোর্ট পরিচালনা করে বৈধ কাগজপত্র ছাড়া মজুদ ও বিক্রয়ের দায়ে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জব্দকৃত জ্বালানি তেল লাইসেন্সপ্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রির নির্দেশ দেওয়া হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। এর ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।