ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নোয়াখালীতে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী আটক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৬:২৬ পিএম
আটক কুখ্যাত সন্ত্রাসী মহিবুল্লাহ ওরফে মফুইল্ল্যা চোরা। ছবি : সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় যৌথ অভিযানে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪টি দেশীয় অস্ত্রসহ ১ জন কুখ্যাত সন্ত্রাসী আটক করেছে কোস্ট গার্ড। 

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুখ্যাত সন্ত্রাসী মহিবুল্লাহ সন্ত্রাসী কার্যক্রমের উদ্দেশে নোয়াখালীর হাতিয়া থানাধীন মধ্য মাচুয়ারা এলাকায় আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র মজুত করে আসছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৭টা হতে ১১টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত সন্ত্রাসী মহিবুল্লাহ ওরফে মফুইল্ল্যা চোরাকে (৪১) আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীর তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

আটককৃত সন্ত্রাসী মহিবুল্লাহ ওরফে মফুইল্ল্যা চোরা নোয়াখালী জেলার হাতিয়া থানার বাসিন্দা। উল্লেখ্য সে বিভিন্ন অপরাধকর্মের সাথে সম্পৃক্ত এবং তার বিরুদ্ধে অস্ত্র মামলা রয়েছে বলে জানা যায়।

আটককৃত সন্ত্রাসী এবং জব্দকৃত অস্ত্রের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।