নোয়াখালীর হাতিয়ায় যৌথ অভিযানে একটি একনলা বন্দুক ও দুটি রকেট ফ্লেয়ারসহ একজন ‘কুখ্যাত সন্ত্রাসী’কে আটক করেছে কোস্ট গার্ড।
রোববার (২৪ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, নোয়াখালীর হাতিয়া থানাধীন টাংকির বাজার সংলগ্ন এলাকায় আজ (২৪ মে) ভোর ৪টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে গোপন তথ্যের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাবুলের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক ও দুটি রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত সন্ত্রাসী বাবুলকে আটক করা হয়।
উল্লেখ্য, ওই আসামি ইতোপূর্বে বিভিন্ন মামলায় একাধিকবার পুলিশ কর্তৃক আটক হয়েছিল।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির সুজন।
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


