নোয়াখালীর চাটখিল উপজেলা ও পৌরসভা মহিলা দলের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকেলে চাটখিল ‘সেন্টার পয়েন্ট’ ভবনে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
নোয়াখালী জেলা মহিলা দলের সভানেত্রী ভিপি শাহানাজ পারভীনের সভাপতিত্বে এবং চাটখিল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শারমিন রতন মুনার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, সিনিয়র যুগ্ম সম্পাদিকা টুম্পা ইসলাম, যুগ্ম সম্পাদিকা ও সোনাইমুড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ, সদস্য সচিব জি এস ফরিদ, পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক, সাবেক সভাপতি দেওয়ান শামসুল আরেফিন শামিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী ভুট্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ উন নবী বাবু, আলেয়া বেগম, জান্নাতুল ফেরদাউস রিমু, রিংকি আক্তার, কামরুন নাহার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীদের সাংগঠনিক ও রাজনৈতিক গুরুত্ব অনুধাবন করেই মহিলা দল গঠন করেছিলেন। মহিলা দল বিএনপির একটি অত্যন্ত শক্তিশালী অংশ। দল শক্তিশালী না হলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। তাই দল ও সংগঠনকে সবার আগে প্রাধান্য দিতে হবে, দলের চেয়ে কোনো ব্যক্তি বা পদ বড় হতে পারে না।
তিনি তৃণমূলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির তাগিদ দিয়ে বলেন, আমরা শিগগিরই চাটখিলের ঘরে ঘরে যাব এবং নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ ও সদস্য সংগ্রহ অভিযান শুরু করব। একই সাথে চাটখিল উপজেলা ও পৌরসভা মহিলা দলের একটি শক্তিশালী ‘আহ্বায়ক কমিটি’ গঠন করা হবে। তবে মনে রাখবেন, এই আহ্বায়ক কমিটি চিরদিনের জন্য নয়। কমিটিকে আগামী ২ মাসের মধ্যে (বিশেষ প্রয়োজনে সর্বোচ্চ ১ মাস বর্ধিত সময়) চাটখিলের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড পর্যায়ের সব সাংগঠনিক কাজ ও তৃণমূল কমিটি গঠন সম্পন্ন করতে হবে। যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারে, তবে প্রেসিডেন্ট ও সেক্রেটারির মাধ্যমে সেই কমিটি ভেঙে দেওয়া হবে। দলে অলস বা নিষ্ক্রিয়দের কোনো জায়গা হবে না, যারা মাঠে কাজ করবেন তারাই পদে থাকবেন।
বিগত জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, বিগত নির্বাচনে যারা চরম ঝুঁকি নিয়ে, জীবনের পরোয়া না করে দলের জন্য মাঠপর্যায়ে প্রাণপণ কাজ করেছেন, সেই সব সাহসী বোনদের আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ যারা প্রতিকূলতার কারণে সভায় আসতে পারেননি, তাদের কাছেও দলের এই বার্তা ও সিদ্ধান্ত পৌঁছে দিতে হবে। চাটখিলে মহিলা দল, বিএনপি, যুবদল ও ছাত্রদল যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামে, তবে সব দুর্যোগ ও ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা সফল হবই।
সভাপতির বক্তব্যে জেলা মহিলা দলের সভানেত্রী শাহনাজ পারভীন বলেন, তৃণমূলে মহিলা দলকে শক্তিশালী করতে সম্পূর্ণ গণতান্ত্রিক নিয়মে নতুন কমিটি গঠন করা হবে। প্রথমে ওয়ার্ড কমিটি, এরপর ওয়ার্ড কমিটির ভোটে ইউনিয়ন কমিটি এবং পরবর্তীতে ইউনিয়ন কমিটির ভোটে উপজেলা মহিলা দলের কমিটি গঠিত হবে। নির্বাচন-পরবর্তী সর্বপ্রথম মহিলা দলের কমিটি গঠনের এই সময়োপযোগী উদ্যোগ নেওয়ায় তিনি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন