ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে র‍্যালি ও সমাবেশ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০১:৪৯ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে জেলা সদরের আনছার কোম্পানি বাজারে 'মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণবিষয়ক সাহায্য সংস্থা'র উদ্যোগে র‍্যালি ও সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।

‘মাদকমুক্ত সমাজ চাই’ স্লোগানে র‍্যালিটি জেলার সোনাপুর-চরজব্বর আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে ‘মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণবিষয়ক সাহায্য সংস্থা’ নোয়াখালীর সাধারণ সম্পাদক আখতার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. লিয়াকত আকবর।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর পরিদর্শক সাইফুল ইসলাম, সুধারাম মডেল থানার ওসি নজরুল ইসলাম, মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণবিষয়ক সাহায্য সংস্থা নোয়াখালীর সাংগঠনিক সম্পাদক ইউসুফ মাসুদ, বিএনপি নেতা আবু সোলেমান মির্জা ও সায়েদ ইস্কিন্দার বুলু প্রমুখ।

বক্তারা বলেন, মাদক ও কিশোর গ্যাং একটি সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। এর কারণে তরুণ প্রজন্ম ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এবং বাড়ছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড। তাই মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

কিশোরদের সঠিক পথে পরিচালিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সচেতন নাগরিকদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তারা বলেন, তরুণদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।