পাবনার ঈশ্বরদীতে পৃথক অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র, ম্যাগজিন ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে উপজেলার পাকশী মেরিনপাড়া ও দিয়ারবাঘইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আনোয়ার জাহিদ।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঝলকাঠি জেলার কাঠালিয়া উপজেলার চিংড়াখালী গ্রামের শাহীন হোসেন (২০), ঈশ্বরদী উপজেলার দিয়ারবাঘইল গ্রামের হযরত প্রামানিক (৪৭) এবং মানিকনগর পশ্চিমপাড়া গ্রামের মমিনুল ইসলাম খোকন (৩৩)। কয়েকদিন ধরে অনুসন্ধান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অভিযান পরিচালনা করে। মামলার মাধ্যমে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি বিদেশি সেমি অটোমেটিক সেলফ লোডেড রাইফেল, একটি বিদেশি ২২ বোর রাইফেলসহ ম্যাগজিন ও তাজা কার্তুজ, একটি কাঠের বাটযুক্ত একনলা বন্দুক, একটি সচল ৯ মিমি পিস্তল ও ৬ রাউন্ড কার্তুজ, একটি সচল ৭.৬৫ মিমি পিস্তল ও ১০ রাউন্ড কার্তুজ এবং ৩১ রাউন্ড ১২ বোরের তাজা কার্তুজ জব্দ করা হয়েছে।
এসপি আনোয়ার জাহিদ জানান, ‘নির্বাচন সামনে রেখে জেলা পুলিশ অপরাধী ধরতে বিশেষ অভিযান চালাচ্ছে। এরই অংশ হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প সংলগ্ন ওয়াসা প্রজেক্টের গেস্ট হাউজ এলাকা থেকে শাহীন ও হযরতকে গ্রেপ্তার করা হয়। তাদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে মানিকনগর এলাকা থেকে খোকনকে গ্রেপ্তার করা হয়।’

-20260211174019.webp)

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন