পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা গোলাম আযম ও মতিউর রহমান নিজামীকে ‘দেশপ্রেমিক’ এবং স্বাধীনতা যুদ্ধের ‘বীর সূর্যসন্তান’ হিসেবে উল্লেখ করায় তীব্র হট্টগোলের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কলেজ শাখা ছাত্রদল প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান বয়কট করে, পাশাপাশি বক্তব্যটিকে ইতিহাস বিকৃতির প্রচেষ্টা বলে নিন্দা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষও।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে এই ঘটনা ঘটে।
জানা যায়, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কলেজ প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুল খালেক। সভার একপর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য কলেজ শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি মামুন আল হাসানকে মঞ্চে ডাকা হয়।
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, বক্তব্যের শুরুতেই মামুন আল হাসান বলেন, ‘আমি স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধে এ দেশের সব সূর্যসন্তান-মাওলানা মতিউর রহমান নিজামী ও গোলাম আযমসহ জামায়াতে ইসলামীর সেইসব মানুষদের…।’
এ বক্তব্যের সঙ্গে সঙ্গে ছাত্রদল নেতাকর্মী ও উপস্থিত সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ জানান। একপর্যায়ে ছাত্রদল অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিলে মিলনায়তনের ভেতরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনাও ঘটে। পরে ছাত্রদল নেতাকর্মীরা মিলনায়তনের ভেতরেই বিক্ষোভ করেন।
এ বিষয়ে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শ্রাবণ বলেন, ‘এই হট্টগোল মূলত সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে হয়েছে। সেখানে ছাত্রদলের কিছু কর্মী উপস্থিত ছিলেন। গোলাম আযম রাজাকারকুলের শিরোমণি। তাকে জাতির সূর্যসন্তান ও দেশপ্রেমিক বলা হলে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে ছাত্রশিবিরকে এমন বক্তব্য প্রত্যাহার করে সাধারণ শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে।’
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মামুন আল হাসান বলেন, ‘অনুষ্ঠানটি ছিল শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে। কিন্তু ছাত্রদল নেতা তার বক্তব্যে জামায়াত-শিবির নিয়ে মিথ্যাচার করেছেন। ফ্যাসিস্ট সরকার বিচারবহির্ভূতভাবে যেসব জামায়াত নেতাকে হত্যা করেছে, সেগুলো নিয়ে বিষোদগার করেছেন। পূর্বপরিকল্পিতভাবে অনুষ্ঠান পণ্ড করার চেষ্টা করা হয়েছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই।’
এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ জানায়, শহীদ বুদ্ধিজীবী দিবসের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এ ধরনের বক্তব্য অনভিপ্রেত। বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছেন।

-news-pic-(1)-20251215084858.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন