ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সারজিসের হলফনামায় নগদ ৩ লাখ, নেই বাড়ি-গাড়ি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ১০:৫৩ এএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি - সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসিতে জমা দেওয়া হলফনামায় নিজের সম্পদ ও আয়ের বিস্তারিত বিবরণ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

হলফনামার তথ্য অনুযায়ী, সারজিস আলমের হাতে নগদ অর্থ রয়েছে ৩ লাখ ১১ হাজার ১২৮ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ এক লাখ টাকা। তার নামে দানকৃত কৃষিজমির পরিমাণ ১৬ দশমিক ৫০ শতক। অর্জনকালে ওই জমির আর্থিক মূল্য ছিল ৭ হাজার ৫০০ টাকা, যা বর্তমানে আনুমানিক পাঁচ লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ব্যবসা থেকে বছরে তার আয় ৯ লাখ টাকা। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতকোত্তর (মাস্টার্স) উল্লেখ করেছেন তিনি।

হলফনামার তথ্যে দেখা গেছে, সারজিস আলমের নামে একটি মামলা রয়েছে, যা বর্তমানে তদন্তাধীন। তার নামে কোনো বন্ড, ঋণপত্র বা স্টক এক্সচেঞ্জভুক্ত শেয়ার নেই। আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে ৭৫ হাজার টাকা এবং ইলেকট্রনিক সামগ্রীর মূল্য ৭৫ হাজার টাকা। তার কোনো আগ্নেয়াস্ত্র নেই। এ ছাড়া তার নামে কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট বা ভবনও নেই।