ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে লাইনম্যানের সহকারী নিহত

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৯:০১ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

পঞ্চগড়ে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে এক লাইনম্যান সহকারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (৫ মার্চ) বিকেলে পঞ্চগড় পৌরসভার ধাক্কামারা গোলচত্বরে।

বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে খুঁটির ওপরেই তার মৃত্যু হয়। এ সময় প্রায় ১৫ থেকে ২০ মিনিট বিদ্যুৎস্পর্শ অবস্থায় খুঁটির সঙ্গে ঝুলে থাকে যুবকের মরদেহ।

পরে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত লাইনম্যান তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের জয়নউদ্দিনের ছেলে মো. শাহীন (৩৮)। তিনি পঞ্চগড় বিদ্যুৎ বিভাগ নেসকোতে চুক্তিভিত্তিক লাইনম্যান সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

ফায়ার সার্ভিস, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রোববার বিকেলে পঞ্চগড়ের বিসিক ফিডারে বিদ্যুতের ত্রুটি দেখা দেয়। পরে পঞ্চগড় বিদ্যুৎ বিভাগ নেসকোর লাইনম্যানসহ পাঁচজন মেরামতের জন্য গোলচত্বরে আসেন। লাইনম্যান সহকারী শাহীন মই দিয়ে খুঁটিতে উঠে কাজ করছিলেন।

কাজ শেষ হওয়ার আগেই বিদ্যুৎ লাইন চালু করলে তিনি বিদ্যুৎস্পর্শে খুঁটির ওপরেই ঝুলে থাকেন। তার মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়। প্রায় ১৫ মিনিট পর লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়।

এদিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকা শাহীনের মরদেহ মইয়ের সাহায্যে নিচে নামান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের দাবি, কাজ শেষ হওয়ার আগেই বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে, যা পরিকল্পিতভাবে তাকে হত্যার শামিল। এ অভিযোগ তারা নেসকোর বিরুদ্ধে তুলেছেন।

পরে স্বজনরা হাসপাতালে মরদেহ দেখে বিক্ষুব্ধ হয়ে পঞ্চগড় বিদ্যুৎ বিভাগ নেসকোর অফিস ঘেরাও করেন। একপর্যায়ে বিচারের দাবিতে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক অবরোধ করেন তারা।

ঘটনাস্থলে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিহত শাহীনের স্বজন, সহকর্মী ও নেসকো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুষার কান্তি রায় বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখা যায় একজন ব্যক্তি বিদ্যুতের খুঁটির ওপর আটকা পড়ে আছেন। পরে ফায়ার ফাইটাররা উপরে উঠে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।