ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অটো-ট্রলি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ১২:০৬ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর দুমকী উপজেলার লেবুখালী-বাউফল মহাসড়কের রাজাখালী-পিছাখালী ব্রিজ এলাকায় বাউফল থেকে আসা একটি অটো এবং লেবুখালীর দিক থেকে আসা সিমেন্টবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে চার বছরের এক শিশুসহ দুজন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও আহতদের স্বজনদের বরাতে জানা গেছে, দুর্ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

এ ছাড়া আরও তিনজনকে গুরুতর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে একজন মারা যান।

অপর দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করা হয়।

নিহত ও আহতদের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ঝিলনা ও কাছিপাড়া এলাকায় অবস্থিত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দুমকী থানার ওসি মো. সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়ে অটো ও সিমেন্টবোঝাই ট্রলি জব্দ করে থানায় আনা হয়েছে। নিহত ও আহতদের পক্ষ থেকে এখনও কেউ যোগাযোগ করেননি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।