ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মির্জাগঞ্জে ২৩ বছর পর ছাত্রদলের সদস্য ফরম বিতরণ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৩:৫১ পিএম
মির্জাগঞ্জে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ। ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় দীর্ঘ ২৩ বছর পর আনুষ্ঠানিকভাবে ছাত্রদলের সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল বাশার মোখলেছের সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. রাজিব হোসেন, সহসভাপতি আবুল খায়ের মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম ও মো. ইব্রাহীম হোসেন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল মিরাজ, দপ্তর সম্পাদক মো. ইরান, প্রচার সম্পাদক মো. জাহিদ, সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. সাব্বির ফরাজী, সাধারণ সম্পাদক মো. তাওহীদ, সাবেক সদস্য সচিব রবিউল ইসলাম রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. রাজিব হোসেন বলেন, ছাত্রদলের সদস্য হওয়ার প্রাথমিক শর্ত হলো নিয়মিত ছাত্র হওয়া। বিশেষ করে যারা বিগত ৫ আগস্টের আগের আন্দোলনে সক্রিয় ছিলেন এবং রাজপথের কর্মসূচিতে অংশগ্রহণের প্রমাণ রয়েছে, সদস্য পদ প্রদানের ক্ষেত্রে তাদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল বাশার মোখলেছ বলেন, দীর্ঘ ২৩ বছর ধরে মির্জাগঞ্জে ছাত্রদলের সদস্য সংগ্রহ ও ইউনিয়ন কমিটি গঠন কার্যক্রম স্থবির ছিল। সর্বশেষ ২০০৩ সালে ইউনিয়ন কমিটি গঠিত হয়েছিল। এরপর আর কোনো কমিটি হয়নি। উপজেলার ৬টি ইউনিয়ন ও ৫৪টি ওয়ার্ডে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তুলতেই এ সদস্য ফরম বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি আরও বলেন, ছাত্রদল মেধাবী ছাত্রদের সংগঠন। সাধারণ শিক্ষার্থীরা এই ফরম সংগ্রহের মাধ্যমে দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে সংগঠনে যুক্ত হবে—এমনটাই আমাদের প্রত্যাশা। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে মির্জাগঞ্জ ছাত্রদল এখন থেকে আরও সুসংগঠিতভাবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।