পটুয়াখালীর বাউফল উপজেলায় পুকুর থেকে পানি তুলতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃতের নাম মরিয়ম বেগম (৩০)।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বাউফল উপজেলার দাসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দাসপাড়া এলাকার সুজন সিকদারের স্ত্রী ছিলেন মরিয়ম বেগম।
তাদের সংসারে দুটি ছোট সন্তান রয়েছে। বড় ছেলে মাহিনের বয়স ১০ বছর এবং ছোট ছেলে মায়ানের বয়স মাত্র ৩ বছর। অল্প বয়সেই মায়ের ছায়া হারিয়ে দিশাহারা হয়ে পড়েছে শিশু দুটি।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় নিজ বাড়ির পুকুর থেকে বালতিতে পানি তুলতে যান মরিয়ম। এ সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি পুকুরে পড়ে যান।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে মরিয়মকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে জানায় চিকিৎসক।
ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরিয়ম বেগম একজন সংসারী ও পরিশ্রমী গৃহবধূ ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তার আকস্মিক মৃত্যুতে স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।
বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রউফ বলেন, গৃহবধূ মরিয়ম বেগমকে হাসপাতালে নিয়ে আসার আগেই পথে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষায় তাকে মৃত পাওয়া যায়।


