বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে জনগণই বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় বসাবে।’
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে থানা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনি প্রথম জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘আগামীতে বিএনপি সরকার গঠন করলে কৃষক ও নারীদের জন্য কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড চালু করা হবে। এর মাধ্যমে কৃষক ও সাধারণ মানুষ সরাসরি রাষ্ট্রীয় সুবিধা ভোগ করতে পারবে।’ তিনি আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে।’
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষ নিরাপদে থাকবে। বেগম খালেদা জিয়া কলাপাড়ায় তিনটি ব্রিজ দিয়েছেন, যা আজও উন্নয়নের সাক্ষ্য বহন করছে। এমপি নির্বাচিত হলে উপকূলীয় অঞ্চলের অনুন্নত জনপদগুলোকে পরিকল্পিত উন্নয়নের আওতায় আনার প্রতিশ্রুতিও দেন তিনি।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জাম খোকন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, সাধারণ সম্পাদক মূসা তাওহীদ নান্নু মুন্সী, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসুল্লি, সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান, সাধারণ সম্পাদক মো. সেলিম হাওলাদার, মহিপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার, লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিজানুর রহমান হাওলাদারসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সভাপতি-সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় সভাপতিত্ব করেন মহিপুর থানা বিএনপির সভাপতি আ. জলিল হাওলাদার এবং সঞ্চালনা করেন থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ। জনসভায় প্রায় ১৫ হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা উন্নয়নের স্বার্থে দল-মত নির্বিশেষে সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।



