ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কৃষক হত্যা মামলার প্রধান আসামি মহারাজ গ্রেপ্তার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ১১:২৯ এএম
গ্রেপ্তার মহারাজ খান। ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর মির্জাগঞ্জে আলোচিত কৃষক দুলাল মল্লিক (৬০) হত্যা মামলার প্রধান আসামি মো. মহারাজ খান (৪৭)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) রাত ৯টার দিকে পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের ভুতুমিয়া এলাকা থেকে মির্জাগঞ্জ থানার একটি চৌকস টিম তাকে গ্রেপ্তার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও অভিযান পরিচালনাকারী এসআই কাওসার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—মহারাজ খান ভুতুমিয়া এলাকায় তার এক নিকটাত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন।

এ তথ্যের ভিত্তিতে এসআই মিজানসহ অন্যান্য পুলিশ সদস্যদের সমন্বয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে প্রায় আধা কিলোমিটার ধাওয়া শেষে একটি খোলা মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি (মঙ্গলবার) বিকেল ৩টার দিকে মকুমা গ্রামের বাসিন্দা মহারাজ খানের হাঁস-মুরগি প্রতিবেশী দুলাল মল্লিকের জমিতে ঢুকে পাকা ধান নষ্ট করছিল। এ বিষয়ে প্রতিবাদ জানাতে গেলে দুলাল মল্লিকের সঙ্গে মহারাজ খানের পরিবারের বাগবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে মহারাজ খান, তার স্ত্রী আকলিমা বেগম (৩৮) ও মেয়ে সাদিয়া আক্তার (২২) সংঘবদ্ধ হয়ে দুলাল মল্লিকের ওপর হামলা চালান। এ সময় মহারাজ খানের মেয়ে সাদিয়া আক্তার কাঁচি দিয়ে দুলাল মল্লিকের মাথায় সজোরে কোপ দিলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা দুলাল মল্লিককে উদ্ধার করে প্রথমে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন বুধবার বিকেলে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে শাওন মল্লিক বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মির্জাগঞ্জ থানার ওসি মো. আব্দুস ছালাম বলেন, ‘প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’