ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাউফল থানার ওসি নিরপেক্ষতা হারিয়েছেন : শফিকুল ইসলাম মাসুদ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৪:২৫ পিএম
ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। ছবি : রূপালী বাংলাদেশ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বাউফল থানার ওসি নিরপেক্ষতা হারিয়েছেন তাকে বহাল রেখে নিরপেক্ষ পরিবেশ আশা করা যায় না। একটি রাজনৈতিক দলের কার্যালয়ে অভিযান চালানোর আগে তাকে নিশ্চিত হয়ে অভিযান চালানো উচিত ছিল। কিন্তু তিনি সেটি না করে অন্য আরেকটি দলের প্ররোচনায় আমাদের দলীয় কার্যালয়ে অভিযান পরিচালনা করেছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী-২ আসনে ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাসুদ বলেন, ‘একটা রাজনৈতিক দলের কার্যালয়ে পুলিশ অভিযান চালাবে, আর সেখানে ছাত্রদলের আহ্বায়ক তার সহযোগীদের নিয়ে উপস্থিত থাকবেন—এর মানে কী বোঝায়? অভিযানের আগাম খবর তারা জানল কীভাবে? তাছাড়া পুলিশ জামায়াত কার্যালয়ে আসার আগে কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন। তারা অভিযানের খবর জানলেন কীভাবে?’

তিনি আরও বলেন, পুলিশ একটি দলের কার্যালয়ে অভিযান চালানোর আগে শতভাগ নিশ্চিত হওয়া উচিত ছিল। কই পুলিশ অভিযান চালিয়ে কিছুইতো পেল না?  আসলে বাউফল থানার ওসি প্ররোচিত হয়ে কাজটি করেছেন, তিনি নিরপেক্ষতা হারিয়েছেন। তাকে এ থানায় রেখে নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না। আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি, দ্রুত তাকে বাউফল থানা থেকে প্রত্যাহার করতে হবে।

সংবাদ সম্মেলনে ড. শফিকুল ইসলাম মাসুদ আরও বলেন, ‘আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বাউফলে আসবেন এবং স্থানীয় পাবলিক মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম।’

এ ছাড়া ১১-দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দও সমাবেশে উপস্থিত থাকবেন।