প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও পবিত্র রমজান মাসকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় ১ টাকায় ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেছে সামাজিক সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় কলাপাড়া পৌর শহরের মনোহারী পট্টিতে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এ উদ্যোগে স্বল্প আয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে মাত্র ১ টাকার বিনিময়ে ইফতার সামগ্রী বিক্রি করা হচ্ছে।
‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের সভাপতি নাজমুস সাকিব বলেন, রমজান মাসজুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের অসহায় ও কর্মজীবী মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তাদের এ ব্যতিক্রমধর্মী আয়োজন।
স্থানীয়রা এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

