পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান লাভলুর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে ঘরের মালামাল লুট করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেছে তার পরিবার।
শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতের দিকে উপজেলার মাধবখালী ইউনিয়নের কাঁঠালতলী এলাকায় এ ঘটনা ঘটে। কাজী মিজানুর রহমান লাভলু ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
পরিবার সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই লাভলু কাজী এলাকা ছেড়ে চলে যান। তার বাড়িতে স্ত্রী ও বৃদ্ধ মা থাকতেন। ঘটনার সময় তারা চিকিৎসার কাজে ঢাকায় অবস্থান করছিলেন। এই সুযোগে গভীর রাতে একদল লোক এসে বাড়িতে হামলা চালায় এবং বুলডোজার দিয়ে বসতঘরটি ভেঙে ফেলে।
পরিবারের অভিযোগ, হামলাকারীরা ঘরের আসবাবপত্র, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। পরে তারা ঘরে আগুন ধরিয়ে দেয়।
লাভলু কাজীর স্ত্রী শিল্পী বেগম বলেন, চিকিৎসার জন্য তিনি ঢাকায় ছিলেন। সেখানেই খবর পান, প্রায় ২০০ জন লোক গভীর রাতে তাদের বাড়ির সামনে ভেকু নিয়ে জড়ো হয়েছে। পরে তারা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ঘর ভাঙচুর করে এবং সবকিছু লুট করে আগুন দেয়।
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসে যোগাযোগ করা হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বাড়িতে ফিরে তারা দেখেন, ঘরের কোনো কিছুই অবশিষ্ট নেই। এ ঘটনায় স্থানীয় কাঁঠালতলী পুলিশ ফাঁড়িকে বিষয়টি জানানো হয়েছে।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে কাজী মিজানুর রহমান লাভলুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, রাতের বেলায় ঘটনাটি ঘটেছে। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

