ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মনোনয়নপত্র জমা দিলেন সাঈদীর দুই ছেলে

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৬:৫২ পিএম
মনোনয়নপত্র জমা দিলেন সাঈদীর দুই ছেলে। ছবি- রূপালী বাংলাদেশ

পিরোজপুরে সাবেক দুইবারের এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তপশিল অনুযায়ী শেষ দিনে তারা এ মনোনয়নপত্র দাখিল করেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তারা।

পিরোজপুর-১ আসন থেকে মনোনয়নপত্র জমা দেন মাসুদ সাঈদী এবং পিরোজপুর-২ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেন শামীম সাঈদী। মনোনয়নপত্র দাখিলের সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন আল্লামা সাঈদীর তৃতীয় সন্তান নাসিম সাঈদী।

এ ছাড়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি জহিরুল হকসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক আবু সাঈদ আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

একই দিনে পিরোজপুর-১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলমগীর হোসেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শামীম সাঈদী। তিনি বলেন, ‘আমরা আশাবাদী। নির্বাচনে জনগণের রায় পেলে ইনশাআল্লাহ এলাকার মানুষের কল্যাণে কাজ করব।’

তিনি আরও বলেন, ‘আল্লামা সাঈদীর ওপর অন্যায়ভাবে নির্যাতন চালানো হয়েছে এবং চিকিৎসার নামে তাকে হাসপাতালে নিয়ে হত্যা করা হয়েছে।’

এ সময় মাসুদ সাঈদী বলেন, ‘আমাদের এখান থেকে নির্বাচন করার কথা ছিল না। নির্বাচন করার কথা ছিল আল্লামা সাঈদীরই। আমরা তার ত্যাগ ও কষ্টের ইতিহাস বহন করছি। এলাকার জনগণ সেই ইতিহাস জানে। আগামী নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই এর জবাব দেবেন।’

এনসিপির সঙ্গে জোট প্রসঙ্গে তিনি বলেন, ‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য এনসিপি যেমন আন্দোলন করেছে, জামায়াতে ইসলামীরও সেই আন্দোলনের ইতিহাস রয়েছে। তাই এই জোট অনিবার্য ছিল।’

উল্লেখ্য, সংসদীয় আসন নম্বর ১২৭ পিরোজপুর-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯২ হাজার ১৭৭ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৯৩ হাজার ৪৬৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৯৮ হাজার ৭০৮ জন।

অপরদিকে, সংসদীয় আসন নম্বর ১২৮ পিরোজপুর-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯ হাজার ২৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪ হাজার ৩০৮ জন এবং নারী ভোটার ২ লাখ ৪ হাজার ৯৭৬ জন।

আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিরা এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন এলাকার সর্বস্তরের মানুষ।