ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কোস্টগার্ডের অভিযানে ৪৯১টি হাঙর জব্দ 

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ১১:২০ এএম
কোস্টগার্ড সদস্যরা ট্রলারসহ আটক জেলেদের ভাণ্ডারিয়ায় নিয়ে আসেন। ছবি : রূপালী বাংলাদেশ

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় বাংলাদেশ কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪৯১টি হাঙর জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট জেলেদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ভাণ্ডারিয়া উপজেলা বন কর্মকর্তা মো. শফিউর রহমান।

বাংলাদেশ কোস্টগার্ড পিরোজপুরের পারেরহাট বন্দর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি মৎস্য ট্রলার থেকে সংরক্ষিত এসব হাঙর জব্দ করে।

ট্রলারটিতে থাকা ৯ জেলেকে জিজ্ঞাসাবাদে জানায়, তারা বঙ্গোপসাগর থেকে হাঙরগুলো সংগ্রহ করে ট্রলারে নিয়ে এসেছেন।

অভিযান শেষে কোস্টগার্ড সদস্যরা ট্রলারসহ আটক জেলেদের ভাণ্ডারিয়ায় নিয়ে আসেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ পরিশোধ শেষে তাদের মুক্তি দেওয়া হয়।

উপজেলা বন কর্মকর্তা মো. শফিউর রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বন বিভাগের পক্ষ থেকে অভিযানে উপস্থিত থাকা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দকৃত হাঙরগুলো সংশ্লিষ্টদের উপস্থিতিতে পুড়িয়ে মাটিচাপা দেওয়া হয়।

কোস্টগার্ড ও বন বিভাগ জানায়, বন্যপ্রাণী সংরক্ষণ ও অবৈধ শিকার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।