ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রুটপারমিট ছাড়া চলাচল ও অতিরিক্ত ভাড়া আদায়, ৪ পরিবহনকে জরিমানা

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ০৯:৩২ পিএম
ছবি- সংগৃহীত

পিরোজপুর থেকে ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসে রুটপারমিট না থাকা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৪টি পরিবহনকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ মার্চ) বিকেলে পিরোজপুর নতুন বাস টার্মিনালে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ।

অভিযানে সেবাগ্রীন লাইন পরিবহনকে ১০ হাজার টাকা, ওয়েলকাম পরিবহনকে ১০ হাজার টাকা, লাবিবা পরিবহনকে ২৫ হাজার টাকা এবং বলেশ্বর পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, রুটপারমিট ছাড়া চলাচল এবং নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এসব পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সড়ক পরিবহন আইনে এ জরিমানা আদায় করা হয়। এ সময় সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিকদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এমন অনিয়ম হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশিদ বলেন, যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় কিংবা রুটপারমিট ছাড়া গাড়ি চালানোর কোনো সুযোগ নেই। ভোক্তা অধিকার ও আইন রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমীন, বিআরটিএ পিরোজপুর সার্কেলের সহকারী পরিচালক মোবারক হোসেন, পুলিশ সদস্যরা, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম গাজী, শ্রমিক ইউনিয়নের সভাপতি আলিফ আহম্মেদ রাজিব, সাধারণ সম্পাদক ফরিদ শেখ, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম শামীম এবং সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাঈম তালুকদার।

স্থানীয় যাত্রীরা এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।