পিরোজপুরে সিনিয়র জেলা ও দায়রা জজের পরিচয় দিয়ে ‘মিতসুবিশি এক্সপ্যান্ডার’ নামে জাপানি ব্র্যান্ডের একটি প্রাইভেট কারের ট্যাংকি ফুল করে নেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছেন গাড়িচালক।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে শহরের বলেশ্বর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এই জেলা শহরে মাত্র দুটি ফিলিং স্টেশন রয়েছে। এর মধ্যে পিরোজপুর ফিলিং স্টেশনে তেল না থাকায় এটি বন্ধ রয়েছে এবং বলেশ্বর ফিলিং স্টেশনটি খোলা রয়েছে। এখানে অকটেন বন্ধ থাকলেও পেট্রোল এবং ডিজেল পাওয়া যাচ্ছে। এই তেল পাম্পে মোটরসাইকেলে ২০০ এবং বড় গাড়িতে ৫০০ টাকার করে তেল দেওয়া হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, তেল নিতে এসে তীব্র রোদের মধ্যে বাইকারদের উপচে পড়া ভিড়। এরই মধ্যে জজের গাড়ির পরিচয়ে তেল নিতে এসে গাড়ির ট্যাংকি ফুল করার কথা বলেন চালক। উপস্থিত গণমাধ্যমকর্মীরা প্রশ্ন করলে ও বাইকচালকরা উত্তেজিত হলে ওই গাড়িটি তেল নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।
সাইফুল নামে এক বাইকার বলেন, বাইক চলন্ত অবস্থায় হঠাৎ গাড়ির তেল শেষ হয়ে যায়। অনেক দূর থেকে ঠেলে এই তেল পাম্পে আসতে হয়েছে। এখন দেখছি কেউ রাজনৈতিক, কেউ প্রশাসনিক ক্ষমতা দেখিয়ে গাড়ির ট্যাংকি ফুল করে নিয়ে যাচ্ছে। আমরা শুধু অসহায়ের মতো চেয়ে দেখি।
একাধিক বাইকার অভিযোগ করে বলেন, আমরা অনেক সময় অপেক্ষা করেও আমাদের গাড়িতে তেল নিতে পারছি না। জরুরি কাজ রেখে এখানে তেলের জন্য অপেক্ষা করতে হচ্ছে। অথচ পাম্পে এসেই সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয় দিয়ে গাড়িতে অতিরিক্ত তেল নিয়ে যায়। এ তেল পরে বাইরে চড়া দামে বিক্রি করে এসব ড্রাইভাররা।

-20260328085510.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন