পিরোজপুরের মঠবাড়িয়াসহ বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ-সম্পৃক্ত ঠিকাদারদের ফেলে যাওয়া শত কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্প দীর্ঘদিন বন্ধ থাকার পর খুব শিগগিরই পুনরায় শুরু হতে যাচ্ছে। এ খবরে মঠবাড়িয়ার জনপদে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
মঙ্গলবার (৫ মে) প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এসব প্রকল্প দ্রুত চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে পিরোজপুর জেলার অবকাঠামোগত উন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং অন্যান্য জনকল্যাণমূলক কাজ দ্রুত বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর, পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল এবং পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। এ ছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব শহীদুল ইসলাম, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন, মনিটরিং ও ইভালুয়েশন বিভাগের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার রুহুল আমিন খানসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়িত হলে মঠবাড়িয়াসহ জেলার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে। এতে কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলেও আশা করা হচ্ছে।
উল্লেখ্য, এলজিইডির কিছু প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে পিরোজপুরের সাবেক এমপি মহিউদ্দিন মহারাজ, তার ভাই মিরাজুল ইসলাম এবং এলজিইডি পিরোজপুরের সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) একাধিক মামলা দায়ের করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন করে প্রকল্পগুলো চালু হলে জেলার উন্নয়ন কার্যক্রম আবারও গতিশীল হবে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন