ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

মায়ের হাতে ছেলে খুন

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৫:২৮ পিএম
নিহত কাইউম। ছবি : রূপালী বাংলাদেশ

পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদকাসক্ত ছেলেকে হত্যার অভিযোগে নিজ মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। যে মায়ের কোল আলো করে জন্ম হয়েছিল সন্তানের, শেষ পর্যন্ত সেই মায়ের হাতেই নিভে গেল ছেলের জীবন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

গত ২৪ মে উপজেলার টিকিকাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সেনের টিকিকাটা গ্রামে কাইউম নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় তদন্ত শেষে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে পুলিশ। এ ঘটনায় নিহত কাইউমের মাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম জানান, প্রাথমিক তদন্ত এবং অভিযুক্তের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে জানা গেছে, কাইউমের মৃত্যু তার মায়ের আঘাতেই হয়েছে। পরে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অভিযুক্ত মা জানান, কাইউম কিছুদিন আগে মাদকাসক্ত হয়ে পড়েন। পরিবারের উদ্যোগে তাকে একটি পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাও দেওয়া হয়েছিল। তবে চিকিৎসা শেষে বাড়ি ফিরে তিনি আবারও মাদকে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার দিন কাইউম মায়ের কাছে টাকা দাবি করেন। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে তিনি ধারালো দা নিয়ে মাকে আঘাত করতে এগিয়ে আসেন। আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে তার মা একটি কুড়ালের পেছনের অংশ দিয়ে আঘাত করলে কাইউম গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।

ঘটনার পর পুরো এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। মাদকাসক্তির ভয়াবহ পরিণতি এবং একটি পরিবারের করুণ ট্র্যাজেডি হিসেবে ঘটনাটি স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।