ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ঘুরতে এসে পানিতে ডুবে মৃত্যু

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০২:৫৫ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

পিরোজপুরের স্বরূপকাঠিতে বন্ধুদের সাথে পেয়ারা বাগানে ঘুরতে এসে পানিতে ডুবে মুহিন সরদার (১৭) নামের এক পর্যটক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ১৮ জুলাই শনিবার বিকেল অনুমানিক সাড়ে ৫টার দিকে পর্যটন এলাকা নামে পরিচিত কুড়িয়ানায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত মুহিন বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া গ্রামের সৌদি প্রবাসী মনির হোসেন সরদারের ছেলে। সে গুঠিয়া আইডিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

নিহত মুহিনের সাথে ঘুরতে আসা অন্য বন্ধুরা জানায়, তারা কিছু বন্ধুরা মিলে ইঞ্জিনচালিত ট্রলার ভাড়া করে কুড়িয়ানার পেয়ারা বাগানে ঘুরতে আসে। বিকেলে তারা কুড়িয়ানার-আদমকাঠি খালে ঘুরে বেড়ানোর সময় ট্রলারের সামনের দিকে থাকা মুহিন অসাবধানতাবশত খালে পড়ে যায়। সাথে থাকা বন্ধুরা ট্রলার থামিয়ে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে তাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’ 

নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে থানায় অপমৃত্যু মামলা দায়ের শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’