স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার। মূলত বাণিজ্য সক্ষমতা বাড়ানো, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতেই এই নতুন কর্মপরিকল্পনা।
গতকাল রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে কান্ট্রি প্রোগ্রাম ডকুমেন্টের (সিপিডি) ভ্যালিডেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যসচিব আতাউর রহমান খান এ কথা জানান। কর্মশালায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার, অতিরিক্ত সচিব (আইআইটি) শিবির বিচিত্র বড়ুয়াসহ বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি সংস্থা ও উন্নয়ন অংশীদারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাণিজ্য মন্ত্রণায়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাঁচ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনায় ১২টি অগ্রাধিকারমূলক কার্যক্রম রাখা হয়েছে। এই কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে রপ্তানি সক্ষমতা বৃদ্ধি, বাণিজ্য সহজীকরণ, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, সরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো, প্রশিক্ষণ ও গবেষণা জোরদার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বৃদ্ধি। তবে ১২টি অগ্রাধিকারমূলক কার্যক্রম কী, সেগুলো বাস্তবায়নের সময়সূচি কী, কত অর্থ ব্যয় হবে, কোন উন্নয়ন সহযোগী কত অর্থ দেবে, কোন সংস্থা বাস্তবায়নের দায়িত্বে থাকবে এবং আগের দুই ধাপের ইআইএফ কর্মসূচির কতটি সুপারিশ বাস্তবায়িত হয়েছেÑ এসব নিয়ে কিছু জানায়নি বাণিজ্য মন্ত্রণালয়।
এলডিসি তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের সময়সীমা আগামী ২৪ নভেম্বর। এ সময়সীমা পিছিয়ে নিতে আরও তিন বছর সময় বাড়ানোর আবেদন জানায় বর্তমান সরকার। এই আবেদন জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) আমলে নেয়। তবে তিন বছর নয়, স্বল্প সময় দেওয়ার পক্ষে মত দিয়েছে সিডিপি। সংস্থাটি অবশ্য এর জন্য আর্থিক খাত, রাজস্ব খাতসহ বিভিন্ন খাতে সংস্কার করার তাগিদ দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের অর্থনীতি এখন একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। একদিকে এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি, অন্যদিকে রপ্তানিতে নন-ট্যারিফ বাধা, আন্তর্জাতিক মান ও কমপ্লায়েন্স নিশ্চিত করা এবং বিনিয়োগ পরিবেশ উন্নয়নের মতো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এ বাস্তবতায় বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) এনহ্যানসড ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্কের (ইআইএফ) তৃতীয় পর্যায়ের আওতায় নতুন কর্মপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এনহ্যানসড ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্ক (ইআইএফ) হলো ডব্লিউটিওর নেতৃত্বে পরিচালিত একটি বহুপক্ষীয় সহায়তা কর্মসূচি। এর মাধ্যমে এলডিসিভুক্ত দেশগুলোর বাণিজ্য সক্ষমতা বাড়ানো, রপ্তানি সম্প্রসারণ, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং প্রয়োজনীয় সংস্কারে অর্থায়ন ও কারিগরি সহায়তা দেওয়া হয়। কান্ট্রি প্রোগ্রাম ডকুমেন্ট (সিপিডি) হলো সেই সহায়তা কাজে লাগাতে সংশ্লিষ্ট দেশের প্রস্তুত করা কর্মপরিকল্পনা।
বাণিজ্যসচিব বলেন, শুধু নীতিমালা বা গবেষণা প্রতিবেদন তৈরি করলেই হবে না, সেগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সংস্কারের সুফল মন্ত্রণালয় থেকে শুরু করে মাঠ পর্যায়ের দপ্তর পর্যন্ত পৌঁছে দিতে হবে।

