ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

পবিপ্রবির গবেষকদের উদ্যোগে জলবায়ু অভিযোজন ও খাদ্য নিরাপত্তা বিষয়ক ওয়ার্কশপ

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৫:১৯ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলে জলবায়ু-সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে “Adaptive Delta Management for a Climate-Resilient Agriculture and Food Security in South Central and Southwest Coastal Bangladesh (ADM-CRAFT)” শীর্ষক প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

গত ১৯ জুলাই খুলনা বিশ্ববিদ্যালয়ের লিয়াকত আলী অডিটোরিয়ামে দিনব্যাপী এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। তিনি বলেন, “জলবায়ু অভিঘাত মোকাবিলায় অভিযোজন জোরদার করার কোনো বিকল্প নেই। টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণাভিত্তিক কার্যক্রম এবং সমন্বিত উদ্যোগ আরও শক্তিশালী করতে হবে।”

ওয়ার্কশপের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে কৃষক, বিজ্ঞানী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার অধ্যাপক ড. মো. নুরনবী এবং পবিপ্রবির ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফ। বক্তারা প্রকল্পটির গুরুত্ব ও উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এর সম্ভাব্য অবদান তুলে ধরেন।

অনুষ্ঠানে নেদারল্যান্ডস দূতাবাস, ঢাকার প্রতিনিধি নিলসে কিলেন (Niels Kielen) অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রকল্পের পরিচালক এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ওয়ার্কশপে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।