ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৫:১৩ পিএম
ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯৩ জনে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব অনুযায়ী এ তথ্য প্রকাশ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাম ও হামের উপসর্গে মৃত ৭৯৩ জনের মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৯৮ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে একজন, সিলেট বিভাগে তিনজন এবং চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৪৭ জনের শরীরে নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৭৮ জনে।

একই সময়ে আরও ৯২২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে এ পর্যন্ত মোট সন্দেহভাজন হামের সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৫৭০ জনে।