ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজবাড়ী-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ১০:৩৪ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন-অর-রশিদ দলীয় সিদ্ধান্তে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) তিনি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন।

এ সময় পাংশা উপজেলা আমির মাওলানা সুলতান মাহমুদ, পাংশা পৌর আমির কাজী ফরহাদ জামিল রুপুসহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়ন প্রত্যাহার প্রসঙ্গে মোহাম্মদ হারুন-অর-রশিদ বলেন, ‘দলীয় সিদ্ধান্তের কারণে আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। রাজনৈতিক কিংবা কোনো প্রতিপক্ষের চাপের কারণে নয়, সম্পূর্ণ স্বেচ্ছায় আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’

প্রসঙ্গত, ১০ দলীয় জোটের আসন সমঝোতার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আসন বণ্টন চূড়ান্ত হয়েছে। সেই সমঝোতার ভিত্তিতে রাজবাড়ী-২ আসনটি এনসিপিকে দেওয়া হয়েছে। ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে এই আসনে এনসিপির মনোনীত প্রার্থী হলেন জামিল হিজাজী।