রাজবাড়ীর গোয়ালন্দ থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২০ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১০। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
শুক্রবার (১ মে) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি দল গোয়ালন্দঘাট থানার বরকত সরদারপাড়া এলাকায় দৌলতদিয়া ঘাট-রাজবাড়ী মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহজনক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার ইসলামপুর এলাকার মো. নূর মোহাম্মদ হাওলাদার (২৫), কুমিল্লার চান্দিনা উপজেলার অলিপুর এলাকার মো. লিটন (২৭) এবং তার স্ত্রী মরিয়ম বেগম (২৫)। অভিযানে তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, আটকরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ী, মাগুরাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল।
র্যাব-১০-এর ফরিদপুর অঞ্চলের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, মাদক সমাজের জন্য মারাত্মক হুমকি। এটি যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করছে।
মাদক নির্মূলে র্যাব ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


