রাজশাহীর পুঠিয়ার ঝলমলিয়া এলাকায় বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল ৫টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এর আগে সকাল ৭টা ৫০ মিনিটে রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হন।
সর্বশেষ নিহতের নাম রায়হানুল ইসলাম (৪০)। তিনি পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের খুটিপাড়া গ্রামের জলিলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল রাজ্জাক দুলাল। তিনি নিহত রায়হানুল ইসলামের প্রতিবেশী।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বালুভর্তি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, চারঘাট উপজেলার আসকরপুর গ্রামের মাহাকাবের ছেলে ইসলাম উদ্দিন (৬০), নাটোর সদর উপজেলার কাফুরিয়া এলাকার শাহীনের ছেলে সিয়াম (১৬), নাটোরের পাইকপাড়া গ্রামের আক্কেল প্রামানিকের ছেলে মুনকির প্রামানিক (৩৮) এবং নাটোরের বাঘাতিপাড়া উপজেলার সাইফুলের ছেলে সেন্টু (১৮)।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রায়হানুল ইসলাম (৪০)। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিংসাধীন অবস্থায় বিকেল ৫ টায় তিনি মারা যান।
ফায়ার সার্ভিস জানায়, ঘটনার খবর পেয়ে সকাল ৭টা ৫০ মিনিটে মাত্র ৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে তারা।
পুঠিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট এবং নাটোর ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়।
পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, ‘সকালে ঘন কুয়াশার মধ্যে নাটোরগামী একটি বালুবাহী ড্রাম ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে কলার হাটে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন এবং পরে আরও একজন মারা যান।’
তিনি বলেন, ‘ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি এবং আহত একজনকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরবর্তীতে মৃত্যুসহ মোট ৫ জনের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।’
স্থানীয়রা জানান, ট্রাকটি বাজারে ঢুকে একাধিক দোকান ও পথচারীকে চাপা দেয়। দুর্ঘটনার সময় বাজারে ভিড় থাকায় হতাহতের সংখ্যা বেড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকের ব্রেক ফেইল করায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে ঢাকা মেট্রো-১৩-৮৪৭১ নম্বরের ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



