ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জামায়াত প্রার্থীর পক্ষে ফেসবুক পোস্ট দিয়ে বহিষ্কৃত ছাত্রদল নেতা

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৬:২৮ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

জামায়াত প্রার্থীর পক্ষে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে ছাত্রদল নেতা মুস্তাফিজুর রহমানকে (মিলন) বহিষ্কার করা হয়েছে। রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় তিনি পদ হারান। মুস্তাফিজুর রহমান বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে তাকে বহিষ্কার করে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়। পরে সোমবার রাত ৭টার দিকে মুস্তাফিজুর নিজের ফেসবুক অ্যাকাউন্টে জামায়াতের প্রার্থী আবদুল বারীর পক্ষে একটি পোস্ট দেন।

এর আগে মুস্তাফিজুর রহমান জামায়াতের প্রার্থীর নির্বাচনি জনসভার একটি ছবিসহ পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন, ‘দাঁড়িপাল্লার জয় হবে, ইনশাআল্লাহ।’

সবশেষ পোস্টের তিন ঘণ্টা পর ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মুস্তাফিজুর রহমানকে বহিষ্কারের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে মুস্তাফিজুর রহমান বলেন, ‘এতে কিছু যায় আসে না। তবে বহিষ্কারে আমার ফেসবুক আইডির নাম ব্যবহার করা হয়েছে। সাংগঠনিক নাম মিলন পারভেজ।’