ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজশাহীর ছয় আসনে গড়ে ভোট পড়েছে ৭০.৩৩ শতাংশ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৮:৩৭ পিএম
ছবি- সংগৃহীত

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে গড়ে ৭০ দশমিক ৩৩ শতাংশ ভোট পড়েছে। পোস্টাল ব্যালটের ভোটের হার এতে অন্তর্ভুক্ত নয়। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজশাহী সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, জেলার ছয়টি আসনের মধ্যে সর্বোচ্চ ভোটগ্রহণ হয়েছে রাজশাহী-৩ আসনে (পবা-মোহনপুর), যেখানে ভোট পড়েছে ৭৬ শতাংশ। অন্যদিকে সর্বনিম্ন ভোট পড়েছে রাজশাহী-২ (সদর) আসনে, যা ৬১ শতাংশ।

নির্বাচন কর্মকর্তার স্বাক্ষরিত তথ্য অনুযায়ী, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৭৮০ জন। সেখানে ভোট পড়েছে ৭৪ শতাংশ। রাজশাহী-২ (সদর) আসনে ভোটার রয়েছেন ৩ লাখ ৬৯ হাজার ৫৬৪ জন, যার মধ্যে ৬১ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে মোট ভোটার ৪ লাখ ২৩ হাজার ৭৭৮ জন, ভোটগ্রহণ হয়েছে ৭৬ শতাংশ। রাজশাহী-৪ (বাগমারা) আসনে ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন ভোটারের মধ্যে ৭১ শতাংশ ভোট দিয়েছেন। রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে মোট ভোটার ৪ লাখ ৫৩ হাজার ১৭৩ জন; এখানে ভোট পড়েছে ৬৭ শতাংশ।

এ ছাড়া রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ৩ লাখ ৫৬ হাজার ৯৫৪ জন ভোটারের মধ্যে ৭৩ শতাংশ ভোটগ্রহণ হয়েছে।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান জানান, ছয়টি আসনের সম্মিলিত ভোটের হার দাঁড়িয়েছে ৭০ দশমিক ৩৩ শতাংশ, যা পোস্টাল ব্যালটের হিসাব ছাড়া নির্ধারণ করা হয়েছে।